কুমিল্লার চান্দিনায় মো. হাসান (৩৫) নামে এক যুবক দীর্ঘ ১০ বছর ধরে কিডনি রোগে আক্রান্ত। তার দুটি কিডনি প্রায় অকেজো। উন্নত চিকিৎসায় বিপুল অঙ্কের টাকা প্রয়োজন। পরিবারের পক্ষে এ ব্যয়ভার বহন করা অসম্ভব।
হাসান উপজেলার হারং উত্তরপাড়া এলাকার মো. সালামের ছেলে। ৩ ভাই ৩ বোনের মধ্যে হাসান দ্বিতীয়। কিডনি রোগে আক্রান্ত হাসানের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে বর্তমানে পরিবারটি অসহায় হয়ে পড়েছে। তার উন্নত চিকিৎসায় প্রয়োজন কমপক্ষে ৫০ লাখ টাকা।
কিডনি রোগে আক্রান্ত মো. হাসানের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আবেদন তার পরিবারের সদস্যদের।
বর্তমানে হাসান ভারতের হায়দরাবাদের এশিয়ান ইনস্টিটিউট অফ নেফ্রোলজি এন্ড ইউরোলজি হাসপাতালে ডা. বিশাল ঘোলাইয়ের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
এর আগে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, স্কয়ার হাসপাতাল, পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও কিডনি ফাউন্ডেশনে চিকিৎসা গ্রহণ করেছেন।
বর্তমানে হাসানের পরিবারটির আর্থিক অবস্থা ভালো নয়। হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়েছে পরিবার। বিক্রি হয়ে গেছে নিজের জমি। বর্তমানে টাকার অভাবে তার চিকিৎসা ব্যাহত হচ্ছে।
হাসানের স্ত্রী খাদিজা আক্তার স্বামীর চিকিৎসার জন্য সব হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সাহায্য পাঠাতে : মো. হাসান, সঞ্চয়ী হিসাব নং- ২০৫০৩১৪০২০২৪২১২০৭, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি., চান্দিনা শাখা, কুমিল্লা।

0 Comments