নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরিফুল ইসলামসহ দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল পাঁচটায় উপজেলার পাকুড়িয়া বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে শত শত নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন ইটালি ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম, মহাতাব আলী, সাবেক ইউপি সদস্য মুক্তালাল চক্রবর্তী, ব্যবসায়ী তুফান চন্দ্র, বিজয় কুমার, মোফা প্রাং, আব্দুল আজিজ ও জদ্দুল প্রাং প্রমুখ।
বক্তারা বলেন, ১ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম ও পরাজিত ইউপি সদস্য
প্রার্থী আলিফ হোসেনের সঙ্গে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরে আলিফের
নেতৃত্বে এবং ইউপি চেয়ারম্যান আরিফুলের নির্দেশে গত সোমবার বিকেল থেকে
সন্ধ্যা পর্যন্ত পাকুড়িয়া গ্রামে দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ
ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আরিফুলসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলা
হয়েছে। মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানান তাঁরা।

0 Comments